বঙ্গবন্ধুর সমাধিতে পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় পাটি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বৃৃহস্পতিবার বিকালে মন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মন্ত্রী কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের মসজিদের খতিব মুফতি নওয়াব আলী।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ইউএনও নাকীব হাসান তরফদার, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, শেখ সাইদুল ইসলাম, হাফিজুর রশিদ তারেক, শেখ শুকুর আহমেদ, শেখ তোজাম্মেল হক টুটুল, শেখ জিয়াউল বশির টুটুল প্রমুখ। পিরোজপুর ও ভাণ্ডারিয়া থেকে আগত মন্ত্রীর সফরসঙ্গী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া, রেজা আহম্মেদ দুলাল, মোস্তফা সিকদার, নাজিরপুর উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক কাজী মোসলেম, ভাণ্ডারিয়া উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক ও সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, কাউখালী উপজেলা যুব সংহতির মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে বৈঠক

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া ভিআইপি রেস্টহাউজ ‘বিজয়’-এ টুঙ্গিপাড়া উপজেলাসহ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনের চলমান প্রকল্প বিষয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী ভাঙনকবলিত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া-রাজৈর সড়কের মেরামত কাজের বিষয়ে আলোচনা করেন এবং প্রকৌশলীদের অচিরেই এই সড়ক মেরামতের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়া টুঙ্গিপাড়ায় মধুমতির ভাঙন নিয়ে আলোচনা করা হয়। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী সাখাওয়াত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহিদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকীম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর পৌরসভায় শুভেচ্ছা বিনিময়

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা। পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক পৌর ভবনে পানি সম্পদ মন্ত্রীকে স্বাগত জানান। আনোয়ার হোসেন মঞ্জু সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় তাঁকে পিরোজপুর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁকে এই দ্বায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এসময় পৌরসভার কাউন্সিলরগণ, পৌর কর্মচারী এবং শহরের নাগরিক উপস্থিত ছিলেন। এরপর জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোকার্রম হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু