ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহফুজ নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় দে গ্রুপের মধ্যে নতুন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮জন জন আহত হন।
তারা হলেন- কলেজের সাবেক সভাপতি আবু তোরাব মিম, বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, উপ যুগ্ম সম্পাদক জয়দেব কুমার সূত্রধর, সদস্য নির্ঝর, সাগর আহম্মেদসহ ৮জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ ডা. মো. রিয়াজুল হক জানান, উদ্ভুত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর দুইটার মধ্যে ছাত্রদের হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ক্যাম্পাসসহ হাসপাতাল চত্বরে।
পাবনা সদর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর থেকে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/আরকেজি