বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই ১৮৮ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। জবাবে জহিরুলের ১৫৮ রানের সুবাদে ৯ উইকেটে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। ফলে প্রথম ইনিংসে ২৬৯ রানের লিড পেয়েছিলো দলটি।
২৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রকিবুল হাসানের ১০৫ রানের সুবাদে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলো ওয়ালটন মধ্যাঞ্চল। তারপরও ইনিংস হারের মুখে পড়েছিলো তারা। ইনিংস হার এড়াতে ৩৫ রান প্রয়োজন ছিলো তাদের। ম্যাচের চতুর্থ ও শেষ দিন অধিনায়ক মোশাররফ হোসেন ১৪ ও মেহরাব হোসেন জুনিয়র ৭ রান নিয়ে খেলা শুরু করেন। মোশাররফ ও মেহরাবের ব্যাটিং দৃঢ়তায় ইনিংস হার এড়ায় ওয়ালটন মধ্যাঞ্চল। কিন্তু ম্যাচ হার এড়াতে পারেনি তারা। কারণ দ্বিতীয় ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয় মধ্যাঞ্চল।
ফলে ম্যাচ জয়ের জন্য ৬৮ রানের লক্ষ্য পায় বিসিবি উত্তরাঞ্চল। জয়ের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে দলটি।
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। এই ভেন্যুতেই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল।
ইত্তেফাক/কেআই