বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার সভাপতি ও সুকুমার সাহা সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।
কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শ্যামল সরকারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুণ্ডু, সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, সদর উপজেলার সভাপতি দুলাল সমাদ্দার, সম্পাদক মুক্তযোদ্ধা দেবেন্দ্র নাথ ভাস্কর্য, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, দুলাল চন্দ্র সাহা, সন্তোষ দাস, শংকর পাল প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে জেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত বিগত কমিটি ভেঙ্গে দেন এবং সভাপতি অসিম কুণ্ডু নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে শ্যামল সরকার সভাপতি ও সুকুমার সাহাকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করা হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
ইত্তেফাক/আরকেজি