বরিশালের গৌরনদীতে খালের কচুরিপানার ওপর থেকে দেড় বছর বয়সের জীবিত একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের বাটাজোর-আগরপুর খালের মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম খালের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে পৌছুলেএক শিশুর কান্না শুনতে পান। তিনি কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলে খালের ভেতর কচুরিপানার ওপর শিশুটিকে দেখতে পান। ১৫/১৬ মাস বয়সের ছেলে শিশুটিকে তিনি উদ্ধার করেন।
নজরুল সরদার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবহিত করলে তারা শিশুটিকে থানায় দেওয়ার পরামর্শ দেয়। জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম আজ সন্ধ্যায় শিশুটিকে থানায় সোপর্দ করেন।
ওসি মনিরুল ইসলাম আরো জানান, শিশুটি সম্পর্ণ সুস্থ রয়েছে। তাকে দুধ পান করানো হয়েছে। শিশুটিকে সমাজ সেবা বিভাগের কাছে হস্তান্তরের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু