অবৈধভাবে ভারতে পাচারকালে খুলনায় ৪৯৪টি বিলুপ্তি প্রজাতির সুন্ধি কচ্ছপসহ তিনজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে বন বিভাগ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি কচ্ছপসহ তাদের আটক করে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ আটক করা হয়। ওই পিকআপের মধ্যে ৮টি ড্রাম ভর্তি বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, কচ্ছপগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা এবং আটক ৩ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএম।