ঘন কুয়াশায় চট্টগ্রামে বিমান ও নৌ চলাচল বিঘ্নিত

 
ঘন কুয়াশার কারণে শনিবার সকালে চট্টগ্রামে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামের বিভিন্ন নৌ-বন্দর এবং স্থানীয় বিভিন্ন নৌ-রুটে নৌ-চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুরের দিকে কুয়াশা কেটে গেলে বিমান ও নৌ-চলাচল স্বাভাবিক হয়ে আসে। 
 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়, আবুধাবি থেকে আসা একটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে কুয়াশার কারণে নামতে না পারায় সেটি সিলেট বিমান বন্দরে অবতরণ করে। তবে দেড় থেকে দুই ঘণ্টা পর ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। কুয়াশার কারেণে অন্যান্য ফ্লাইটগুলো সামান্য বিলম্বের শিকার হয় বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। এতে ফ্লাইট শিডিউল ওলট-পালট হয়। 
 
বাংলাদেশ বিমানের ঢাকা অপারেশন শাখা থেকে বলা হয়েছে, কুয়াশার কারণে অন্য বিমান সংস্থার বিমান চলাচল বিঘ্নিত হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন ফ্লাইটের ক্ষেত্রে সমস্যা হয়নি। 
 
এদিকে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচঙ্গা ইত্তেফাককে বলেন, রবিবারও শেষ রাত্রি থেকে সকাল ১১টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘনকুয়াশা বিরাজ করতে পারে।   
 
ইত্তেফাক/ইউবি