ভারতে স্কুলগুলোতে ‘মুসলিম বাচ্চারা হয়রানির শিকার’

 
ভারতে বিভিন্ন অভিজাত স্কুলেও মুসলিম ছেলেমেয়েরা তাদের ধর্মের কারণে ক্রমবর্ধমান হয়রানির লক্ষ্যবস্তু হচ্ছে বলে একটি বইয়ে উল্লেখ করা হয়েছে। বইটির লেখক নাজিয়া ইরাম।  তিনি ভারতের ১২টি শহরে ১৪৫টি পরিবার এবং রাজধানী দিল্লির ২৫টি অভিজাত স্কুলের ১০০ জন ছাত্রছাত্রীর সাথে কথা বলেছেন। তিনি জানান, এমনকি পাঁচ বছরের শিশুও এসব হয়রানির লক্ষ্যবস্তু হচ্ছে। ভারত এবং বিশ্বজুড়ে ইসলামভীতি ক্রমশ বাড়তে থাকার পটভূমিতেই এটা ঘটছে বলে মনে করা হচ্ছে।
 
নাজিয়া ইরাম বলেন, তিনি তার গবেষণায় যা পেয়েছেন তা তাকে স্তম্ভিত করেছে। ‘যখন পাঁচ-ছয়  বছরের বাচ্চারা বলে তাদেরকে ‘পাকিস্তানি’ বা ‘সন্ত্রাসী’ বলে ডাকা হয়েছে-আপনি তার কি জবাব দেবেন? সেই স্কুলের কাছেই বা কি অভিযোগ করবেন। এর অনেকগুলোই হয়তো মজা করে বলা হয়েছে, মনে হতে পারে এটা নির্দোষ ঠাট্টা। কিন্তু আসলে তা নয়, এটা উৎপীড়ন।’
IMG0
 
বইতে নাজিয়া ইরাম যেসব বাচ্চাদের সাক্ষাতকার নিয়েছেন, তারা বলেছে এমন কিছু প্রশ্ন বা মন্তব্য আছে যা প্রায়ই তাদের দিকে ছুঁড়ে দেওয়া হয়। যেমন : ‘তুমি কি একজন মুসলিম? আমি মুসলিমদের ঘৃণা করি।’ ‘তোমার বাবা-মা কি বাড়িতে বোমা বানায়?’ ‘তোমার বাবা কি তালেবানের অংশ? 'সে একজন পাকিস্তানি।’ ‘সে একজন সন্ত্রাসী।’ ‘ওই মেয়েটাকে জ্বালিও না, সে তোমাকে বোমা মেরে দেবে।’
IMG1
 
এই বইটি বের হবার পর থেকেই স্কুলগুলোতে ধর্মীয় ঘৃণা এবং বিরূপ ধারণা কতটা আছে তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিবিসি
 
ইত্তেফাক/মোস্তাফিজ