চ্যানেল আই’র দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ ৮১০ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আসছে ১৭ জানুয়ারি। একই সঙ্গে প্রচারের ১৮ বছর পূর্তি হবে অনুষ্ঠানটির। শেষ পর্বে অংশ নিয়েছেন শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
পর্বটি প্রচার হবে ঐদিন বিকেল ৫টা ৩০ মিনিটে। শফিউজ্জামান খান লোদী অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনার পাশাপাশি যৌথভাবে পরিচালনাও করেছেন শামীম আলম দীপেনসহ। আর সম্পাদনা করেছেন এ কে আজাদ।
সুদীর্ঘ ১৮ বছরের পথচলার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক, গীতিকার, অভিনেতা-অভিনেত্রী, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখার কলাকুশলীগণ।
অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা শফিউজ্জামান খান লোদী ও শামীম আলম দীপেন বলেন, চলচ্চিত্র পরিচালক এ জে মিন্টুর সাক্ষাৎকারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘আমার ছবি’ সম্প্রচারের। এরপর পরিকল্পনায় ভিন্নতা এবং বিষয় বৈচিত্র্যের কারণে অনুষ্ঠানটি বিভিন্ন মহলের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়। আমার ছবি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। শুধুমাত্র বোদ্ধামহল নয় এই অনুষ্ঠানের সমান জনপ্রিয়তা ছিলো দর্শকমহলেও। অনুষ্ঠানটির ৮০০তম পর্বে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নেপথ্য কন্ঠশিল্পী মাহবুবা রহমান-এর সাক্ষাৎকার প্রচার করা হয়েছিল।
ইত্তেফাক/আনিসুর