টটেনহ্যামে কেনের সর্বোচ্চ গোলের রেকর্ড

টটেনহ্যামের হয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। ইংলিশ এই ফরোয়ার্ডের দুই গোলে শনিবার এভারটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পারসরা। দলের এই জয়ে মূখ্য ভূমিকা পালনের পাশাপাশি টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন কেন। 
 
স্পারসদের হয়ে প্রিমিয়ার লিগে এখন কেনের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯৮টি। এর আগে টেডি শেরিংহ্যাম ৯৭ গোল করে এই তালিকায় শীর্ষে ছিলেন। প্রথমার্ধের মাঝামাঝিতে সন হেয়াং-মিন টটেনহ্যামের হয়ে ডেডলক ভাঙ্গেন। ৪৭ মিনিটে সনের দুর্দান্ত ক্রস থেকে কেন ব্যবধান দ্বিগুণ করেন। যদিও গোলটিতে অফসাইড নিয়ে বিতর্ক ছিল। এই গোলের মাধ্যমে কেন শেরিংহ্যামের রেকর্ড স্পর্শ করেন। ১২ মিনিট পরে পোস্টের খুব কাছে থেকে এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে মৌসুমে আরেকটি মাইলফলকের রেকর্ড গড়েন কেন। ম্যাচ শেষের ৯ মিনিট আগে ক্রিস্টিয়ান এরিকসেন দলের পক্ষে চতুর্থ গোলটি করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
 
এর আগে ২০১৭ সালে ২৪ বছর বয়সী কেন ৩৯ গোল করে এক পঞ্জিকাবর্ষে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছিলেন। ১৯৯৫ সালে এ্যালান শিয়েরার ৩৬ গোল করে এই তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন। কেনের এই পারফরমেন্স স্পারস বস মরিসিও পোচেত্তিনোকে প্রতিদিনই দারুণ স্বস্তি এনে দিচ্ছে। গতকাল ম্যাচ শেষে বিটি স্পোর্টবে পোচেত্তিনো বলেছেন, ‘হ্যারি কেন অত্যন্ত মেধাবী ও পেশাদার একজন খেলোয়াড়। তার মত একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশি।’
 
ইত্তেফাক/কেআই