কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন তেমুরিয়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক জন নিহত এবং ২জন আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের তেমুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত উপজেলার তেমুরিয়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবুল খায়ের (৩০)। আহতরা হলেন- কামাল্লা গ্রামের আবুল খায়েরের ছেলে সুমন সরকার (১৯), সাহেবনগর গ্রামের হাবীবুর রহমানের ছেলে আরাফাত (২১)। আটক অটোরিকশা চালক রাকিব (২০) তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
জানা যায়, রামচন্দ্রপুর থেকে মুরাদনগরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার চালক চলতি পথে অপর এক ব্যক্তিকে ড্রাইভিং শেখানোর চেষ্টা করা কালে তেমুরিয়া এলাকায় এসে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আবুল খায়েরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এসময় আবুল খায়ের এবং সুমন সরকার ও অটোরিকশার যাত্রী আরাফাত আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার আবুল খায়েরকে মৃত ঘোষণা করেন এবং সুমন সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ও আরাফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এসএস