জয়পুরহাটে বাস উল্টে প্রাণ গেল ৮ জনের

সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুর্ঘটনায় হতাহতের খবর আসছে। গতকাল শুক্রবারও সড়কে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদের মধ্যে জয়পুরহাটে বাস উল্টে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সোনারগাঁওয়ে দায়িত্বপালনকালে কাভাডর্ ভ্যান চাপায় এক এসআই নিহত হয়েছেন। ইত্তেফাকের সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর:

জয়পুরহাট প্রতিনিধি:জেলা সদরের বানিয়াপাড়া এলাকার ভূতগাড়ী নামক স্থানে গতকাল বেলা পৌনে ২ টার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই শিশুসহ ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২৮ জনকে স্থানীয় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জাকিয়া সুলতানা (৬৫), পশ্চিম কড়িয়া গ্রামের ৭ মাস বয়সের শিশু হুমায়দা, কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকার কাদিরপুর গ্রামের হেনা (৩২), জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আমবাড়ী গ্রামের শারমিন (১৯) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার রিপা মূর্ম (৩)।

প্রত্যক্ষদর্শী সূত্র ও  আহতরা জানায়, এমপি নামে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে জয়পুরহাট আসার পথে ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বাসের জানালার গ্লাস ভেঙ্গে ২৫ জনকে বের করা হয়। গুরুতর আহতদের মধ্যে  পপি (২৮), মীর্জা একরামূর কবীর (২৭), মুকুল (৩৫), আবু বকর সিদ্দিক (৪৭) ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা (৩৪), ফেরদৌস (৩৪), সিয়াবুল (২১), আলা উদ্দিন (৩৪), সঞ্জয় বিশ্বাস (২৭), মতিউর (৩৬), আসলাম (২৭), সোহাগী (২৩), সুরভী (২৫), ছোনেকা (৩৫), সাজেদা (৫৬), আবেদ আলী (৫৫), সোয়ানা মিশু (১৯), কলিম উদ্দিন (৬৮), আবুল হোসেন (৬০), অরুণ মন্ডল (৬১), রাসেল (৩০), সিরাজুল (২১), প্রমীলা (২৮), জবা (২৬) ও আলমকে (৪৩) জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে তাত্ক্ষনিক ভাবে নিহতদের পরিবারপ্রতি সহায়তা হিসাবে ২০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিবাগ এলাকায় শুক্রবার ভোরে দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যান চাপায় কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত এসআই ফরিদ আহম্মেদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গেড়ারুক গ্রামের মৃত মানিক জমাদারের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি (তদন্ত) আলী রেজা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধের ব্রক্ষ্মপুত্র নদে স্নান উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকে ফরিদ আহম্মেদ দায়িত্ব পালন করছিলেন। মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য শুক্রবার ভোরে ফরিদ মালিবাগ এলাকার ক্যাসেল রেস্টুরেন্টের সামনে মহাসড়কের পাশে গাড়ী রেখে ঘুমিয়ে যাওয়া ড্রাইভারদের সজাগ করছিলেন। এসময় ঢাকাগামী ওই গাড়িটি  দ্রুত গতিতে এসে ফরিদকে চাপা দেয়।

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা  ঃ গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত সিদ্দিকুর হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল শেখের ছেলে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪০) নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আটক জহুরুল একই উপজেলার ঢেপা গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ট্রাক চাপায় আরফাজ আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৫ জন আহত হন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে সুতাংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থানার মোড়ে পৌছালে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে খালিয়াজুড়ি-মদন সড়কে কদমতলী নামক স্থানে গতকাল বিকালে সড়ক দূর্ঘটনায়  জাহেরা খাতুন(৫০) নামের এক নারী নিহত হয়েছেন। জাহেরা খালিয়াজুড়ি উপজেলার আনসার বিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একই উপজেলার সমাজসেবা অফিসের অফিস সহায়ক আবুল কালাম আজাদের স্ত্রী। নিহতের স্বামী আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার বিকেলে খালিয়াজুড়ি রসূলপুর বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মদনের উদ্দেশ্যে আসার পথে মদন কুলিয়াটি কতমতলী নামক স্থানে পৌছাঁলে আমার স্ত্রী গাড়ি থেকে পড়ে গেলে তার মাথায় থাকা চুল বাধাঁর কাটাঁ মাথায় ঢুকে যায়। পরে তাকে মদন হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

আমতলী (বরগুনা) সংবাদদাতা: গতকাল আমতলী-পটুয়াখালী সড়কের আমতলী উপজেলার আমড়াগাছিয়ায় এক সড়ক দূর্ঘটনায় বেসরকারী সংস্থা উদ্দীপনের কুয়াকাটা  শাখার ব্যবস্থাপক আল আমিন (৩০)  নিহত হয়েছে। তার স্ত্রী লামিয়া (২২) গুরুতর আহত হয়েছে। নিহত আল আমিন (৩৫) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া  ইউনিয়নের মো. হোসেন মিয়ার ছেলে।

প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সুত্র জানায়, আল আমিন তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে পটুয়াখালীর ইটবাড়িয়ায় তার গ্রামের বাড়ী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে  চাপা দেয়।