একে অপরকে কুপিয়ে হত্যার চেষ্টা, নিহত ১

 
কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে নেশাগ্রস্ত অবস্থায় একে অপরকে কুপালে ঘটনাস্থলেই এক চা শ্রমিকের মৃত্যু হয়। অপরজন আহত হয়। রবিবার রাত সোয়া সাতটায় রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
 
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, রবিবার পৌষ সংক্রান্তি উপলক্ষে দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকার গঞ্জু উড়াংয়ের ছেলে মানিক লাল উড়াংয়ের (২৫) ঘরে তার সহযোগী একই এলাকার পীর মুড় উড়াংয়ের ছেলে বাবুল উড়াং (২৪) আসে। পরে তারা নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় মানিক আর বাবুল ধারালো দা দিয়ে একে অপরকে কুপাতে থাকে। ফলে ঘটনাস্থলেই মানিক নিহত হয়। গুরুতর আহত হয় বাবুল। খবর পেয়ে চা শ্রমিকরা বাবুল উড়াংকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
 
কমলগঞ্জ থানাকে অবহিত করলে থানার ওসি মো. মোকতাদির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নিহত মানিকের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। কমলগঞ্জ থানার ওসি মো. মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বাবুলের অবস্থাও আশঙ্কাজনক। 
 
ইত্তেফাক/আরকেজি