গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 
জেলার শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক যুবক এবং ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজারে দিপা রাণী মল্লিক (১৮) নামের এক কলেজছাত্রীকে বাস চাপা দেয়। 
 
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এলাকায় দ্রুত গতির একটি কভার্ডভ্যান ওই যুবককে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
 
এদিকে, রবিবার বিকেলে ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি ব্রিজ এলাকায় একটি বাস অটোরিকশাকে চাপা দিলে রিকশা যাত্রী কলেজছাত্রী দিপা আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
 
অপর দিকে, রবিবার রাতে একই স্থানে রাস্তা পারাপারের সময় ইয়াসমিন আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 
 
অপর দিকে, হাসিন সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটির পর শ্রমিক ইয়াসমিন আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। বাসস
 
ইত্তেফাক/কেকে