বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোহম্মদ নবী'র মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
আজ এক শোক বিবৃতিতে তিনি বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায়ই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী লড়াই, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের শোষণ মুক্তির সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অগ্রগামী। ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি বিশিষ্ট ভূমিকা রেখেছেন। আজীবন বিপ্লবী মো. নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী বলে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, কমরেড নবীর মৃত্যুতে এ দেশের প্রগতিশীল ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এক পরীক্ষিত সৈনিককে হারাল। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
রবিবার বিকাল ৩টায় ঢাকায় নিজ বাসভবনে মোহম্মদ নবী মারা যান বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
ইত্তেফাক/এমআই