ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদিককে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র। অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনি ফেসবুকে ইভেন্ট খুলে আন্দোলনের ডাক দেন। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক আল আমীন তাকে টেনে হেচড়ে ভিসি কক্ষে নিয়ে যান। সেখান থেকে তাকে প্রক্টরের কক্ষে নিয়ে সহকারী প্রক্টররা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
কি কারণে থানায় সোপর্দ করা হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দেয়া হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই নামে কোনো ছাত্র আমাদের কাছে নেই।
ইত্তেফাক/নূহু