ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বাঁশপুর গ্রামে এক কৃষক পরিবারের দুটি গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩টি গরু, ৫টি ছাগল পুড়ে মারা গেছে। তাছাড়া- এতে ওই পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে আনুমানিক ৩টার সময় এ ঘটনা ঘটে।
আগুনে গোয়াল ঘরের ছাদে থাকা পেঁয়াজ এবং পাটও পুড়ে যায়। এ সময় বাড়ির গৃহকর্তা সুনীল বিশ্বাস সহ আরও ২টি গরু ও ৩টি ছাগল আগুনে ঝলসে গেছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে গৃহকর্তা সুনীল বিশ্বাস বলেন, 'রাত আনুমানিক ৩টার দিকে গরু ছাগলের চিৎকার ও গোমরানো শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি আমার দুটি গোয়াল ঘরের চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন আমার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।' এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন সুনীল বিশ্বাস।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত কবীর ও মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/জামান