ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ২

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গংগাহাট সীমান্ত থেকে ভারতীয় সাত পিস ইয়াবা ট্যাবলেট ও সেবন করার জন্য ফেনসিডিলের বোতল ভরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কাছে ইন্দিরারপাড় নামক স্থানে আসলে ওঁত পেতে থাকা ফুলবাড়ী থানা পুলিশের এএসআই হাসান ও একরামুল হক দুই চোরাকারবারিকে হাতে নাতে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ফেনসিডিল জব্দ করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।
 
আটক দুই চোরাকারবারি হলেন, উপজেলার নওদাবস গ্রামের শামসুল হক সরকারের ছেলে সাদেকুর রহমান (৩৫)ও একই উপজেলার আজোয়াটারী সরকার পাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে শহিদুল ইসলাম সাজ (২৮)।
 
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান