বাগমারায় ট্রাক্টর চাপায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের আব্দুল হামিদের কলেজ পড়ুয়া ছেলে বেলাল হোসেন (২০) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে রাজিব হাসান (২২)। তারা দাওকান্দি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনায় তাদের বন্ধু সাজেদুর রহমান সাজু (১৭) আহত হয়েছেন। সাজু একই গ্রামের মকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, তিন যুবক সোমবার রাতে একটি মোটরসাইকেলযোগে উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে বাড়ি দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তারা ভবানীগঞ্জ-সইপাড়া সড়কের মহব্বতপুর গ্রামের ঢেকিপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন।
এসময় ট্রাক্টর চালক বেপরোয়াভাবে কলেজছাত্র বেলাল হোসেন ও রাজিব হাসানের শরীরের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে চলে যায়। এতে তাদের শরীর থেঁতলে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তারা মারা যান। আহত সাজেদুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ঘাতক ট্রাক্টর চালককে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/আরকেজি