ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ আজ

 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে আনা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ বুধবার আদেশ দেয়া হবে।
 
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
 
এর আগে গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ