৭৮ কেজি গাঁজাসহ চারজন আটক

প্রাইভেটকার ও সোয়া

লাখ টাকা উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ফার্মগেট এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয় (র্যাব) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃত এ চারজন হলেন, মনিরুল ইসলাম, মাসুম মিয়া, মো. লিটন মিয়া ও মোছা. শিউলি ওরফে শিল্পী বেগম। গতকাল শুক্রবার ভোরে র্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩ এই অভিযান চালায়। র্যাব বলছে, আটক ব্যক্তিরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।

গতকাল বিকালে র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, শেরেবাংলা নগর থানার ফার্মগেট এলাকায় বিপুল পরিমান গাঁজার চালান আসবে। এ তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ এর কমান্ডার মেজর আনিসুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে-৭৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ১৩৫ টাকা, মাদক পরিবহনে ব্যবহূত ১টি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।