পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোলাম কিবরিয়া ইমন (৩৫) বাবা- গোলাম রব্বানী টেগার, মারুফ আহম্মেদ সাব্বির (২৫) বাবা- কামাল আহম্মেদ মজনু, হাসানুল ইসলাম (৩৫) বাবা- আসাদুল ইসলাম রতন এবং ফয়সাল হোসেন (১৯) বাবা- আশরাফুল ইসলাম বাটু। পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম জীবন (৩০) বাবা আব্দুল কুদ্দস বলে থানা সূত্রে জানা গেছে। ছিনতাইকরীরা সকলেই পাবনা সদর থানার বাসিন্দা। এরমধ্যে গোলাম কিবরিয়া ইমন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টেগার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে শতাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের সময় তারা প্রাইভেটকার বা মোটর সাইকেল ব্যবহার করে বলেও জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, গ্রেফতারকৃত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস