বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সালাম সিকদারকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
পুলিশ সুপার বলেন, ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। এসময় গুলি চালায়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে আহত করে। আহত সৈয়দ সুলতান হোসেন মীরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
পুলিশ সুপার জানান, ওই ঘটনায় ৯ জানুয়ারি প্রধান আসামি সালাম সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে ১৬ জানুয়ারি সালাম সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘরের খাটের নীচ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে। সৈয়দ সুলতান হোসেন মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল একথা জিজ্ঞাসাবাদে সালাম সিকদার স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস