মাহতাব হোসেনের গল্প ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’ নিয়ে নাটক নির্মাণ করছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র সুপর্ণা। আর এই চরিত্রের ভেতরেই শুটিং স্পটে অপেক্ষা করছিলেন অভিনেত্রী তানজিন তিশা।
তিশা বললেন, ‘চমৎকার একটি গল্পে কাজ করছি। মানে আমার এই গল্পে কাজ করে বেশ লাগছে। মনে হচ্ছে এই শৈশবে চলে যাচ্ছি, সেই সময়ের রোমান্টিসিজমে ঢুকে যাচ্ছি। ক্যামেরা সরে গেলে ফিরে আসছি।’
গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ। তিনি বললেন, এটা আসলে একটি প্রেমের গল্প, তবে আবহটা ভিন্ন। গল্প প্রবাহিত হবে একটু ভিন্নভাবে। প্রেমের বিষয়গুলো তো প্রকাশের ক্ষেত্রে দেখা যায় এর ব্যাপকতা অনেক। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির ভেতরে যে গভীর প্রেম লুকিয়ে থাকে সেটাই দেখানো হবে ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’য়।
এই নাটকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তিনি বললেন, গল্প ও চিত্রনাট্যে আমি মুগ্ধ। বান্নাহ ভাইয়ের চমৎকার একটি কাজ হতে যাচ্ছে ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’। আমার ক্যারিয়ারে ভালো একটি কাজ যুক্ত হতে যাচ্ছে।
রাজধানীর উত্তরার নিকট আজ নাটকটির শুটিং শুরু হয়েছে। আগামীকাল শুটিং চলবে নারায়ণগঞ্জে।
ইত্তেফাক/ইএইচএম