পঞ্চগড়ে উদ্ধারকৃত মর্টার শেলের বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস

 
পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকা থেকে উদ্ধারকৃত মর্টার শেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ১৯৪৩ সালে নির্মিত উদ্ধারকৃত এই মর্টার শেলটি আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।  
 
পুলিশ জানায়, ২০১৭ সালের নভেম্বর মাসে জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননের সময় স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পান। পরে তারা পঞ্চগড় থানায় খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ মার্টার শেলটি উদ্ধার করে থানায় জমা রাখে। 
 
রংপুর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল বুধবার দুপুরে পঞ্চগড় শহরস্থ করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন। মর্টার শেলটির গায়ে লেখা রয়েছে ১৯৪৩ সাল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।   
 
পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন সরকার জানান, মর্টার শেলটি থানায় জমা দেয়া ছিল। বুধবার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/কেকে