নুসরাত হত্যার বিচার দাবিতে আজ ‘গণভবন থেকে বঙ্গভবন’ পর্যন্ত মানববন্ধন করবে সিপিবি

ইত্তেফাক রিপোর্ট

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি— সিপিবি আজ শনিবার ‘গণভবন থেকে বঙ্গভবন’ পর্যন্ত মানববন্ধন করবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সময়ে দলটি সারাদেশে জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সামবেশেরও ডাক দিয়েছে। ঢাকা মহানগরে মানববন্ধনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হবে।

গতকাল সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করে আহ্বান জানিয়ে বলা হয়, রাজধানীতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেবেন। ব্যক্তির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল-শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-হকার, ছাত্র-যুব-শিশু-নারী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেবে বলে জানায় দলটি।

ঢাকায় মানববন্ধনের ‘বঙ্গভবন’ প্রান্তে থাকবেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং ‘গণভবন’ প্রান্তে অবস্থান নেবেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গতকাল পৃথক এক বিবৃতিতে নুসরাত হত্যার বিচার দাবি, নারী-শিশু ধর্ষণ-হত্যা ক্রমবর্ধমান বর্বরতার প্রতি সরকারের ক্ষমাহীন উদাসীনতা, নীতি-নৈতিকতার অবক্ষয়ের প্রতিবাদে মানববন্ধনে অংশ নিতে ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।