না’গঞ্জের সংঘর্ষ :পরস্পরকে দুষলেন শামীম-আইভি

নাগরিকদের স্বচ্ছন্দে চলাফেরা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করার পক্ষে-বিপক্ষে অবস্থানের জের ধরে চাষাঢ়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী। গতকাল বুধবার পৃথক সংবাদ সম্মেলনে শামীম ওসমান দাবি করেছেন, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা ছিল না, আইভী বনাম হকারদের সংঘর্ষ হয়েছে, বরং তিনি ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয় এবং আর একটি ইটও পড়ার ঘটনা ঘটেনি। অন্যদিকে আইভীর অভিযোগ, তাকে হত্যার উদ্দেশেই শামীম ওসমানের সমর্থকরা এই হামলা চালিয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মেয়র।

মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনায় মেয়র আইভী ও অন্তত ১০জন সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হন। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ও দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এটা তাদের (শামীম-আইভীর) ব্যক্তিগত সমস্যা। তারপরেও ঘটনাটা এতদূর গড়াবে জানতে পারলে আগেই হস্তক্ষেপ করতাম।’

আইনি ও দলীয় ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ  থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ও দলীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘আমি দুজনকেই (আইভী ও শামীম ওসমান) ফোন করেছি। যেন এই ঘটনা বন্ধ করা হয়। নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে, যারাই জনসমক্ষে দলের ভাবমূর্তি সংঘর্ষের মাধ্যমে নষ্ট করেছে, যারাই দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে-ই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা  নেয়া হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাকে যখন নারায়ণগঞ্জের পুলিশের এসপি ঘটনা জানান, তখন আমি দুজনকেই ফোন করে বলেছি অনভিপ্রেত ঘটনা স্টপ করতে। আমরা দুই পক্ষকেই ডাকব এবং বিষয়টি খতিয়ে দেখব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শামীম ওসমানকে ফোন করব কি মারামারি করতে? আমি মারামারি বন্ধ করতেই ফোন করেছি। এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। আজ সকালেও দুজনের সঙ্গে আমার কথা হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জে যদি অস্ত্রের ব্যবহার হয়ে থাকে এবং গোলাগুলি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনা এতদূর গড়াবে জানলে হস্তক্ষেপ করতাম: এলজিআরডি মন্ত্রী

এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘটনা তাদের ব্যক্তিগত সমস্যা থেকে ঘটেছে বলে মনে হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের দরকার হলে তা করা হবে। আর এটা (হস্তক্ষেপ) করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি তা করতে পারি। মন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে।

ঘটনা আমার সঙ্গে আইভীর নয়: শামীম

গতকাল নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, মঙ্গলবার  যে ঘটনা ঘটেছে তা আমার সঙ্গে  সেলিনা হায়াত্ আইভীর নয়। এটি সেলিনা হায়াত্ আইভী বনাম হকারদের। আমাকে ফোন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনাস্থলে যেতে বলেন, তাই আমি সেখানে গিয়েছি। আমি না গেলে সেখানে অনেকের অস্তিত্ব থাকতো না। আমি যাওয়ার পর সেখানে কোনও ঘটনা ঘটেনি। একটা ইটও পড়েনি।

আমাকে হত্যার উদ্দেশেই এই হামলা: আইভী

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেন,  ‘মঙ্গলবার যে হামলা হয়েছে, সেটা আমাকে হত্যার উদ্দেশেই করা হয়েছে। আমার নিকট আত্মীয়, ভাই, ভাগ্নে ও ভগ্নিপতিসহ কাছের নেতা-কর্মীদের মুখ দেখে দেখে হামলা করা হয়েছে। ইটবৃষ্টি ঝরানো হয়েছে। আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো। আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি। বৃষ্টির মতো ইটপাটকেল, গুলি ছোড়া হয়েছে। মামলা হবে না? আমি তো নিরস্ত্র ছিলাম।
ইত্তেফাক/নূহু