নেত্রকোনা-পূর্বধলা সড়কটি এখন সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে তেমনি ছোট ছোট যানবাহনও চলাচল করতে পারছে না। ঘটছে নিত্য দুর্ঘটনা। মাত্র ১৭ কি.মি দীর্ঘ এ সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ।
তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় কয়েক মাস যেতে না যেতেই পিচ উঠে যায়। এবড়ো থেবড়ো হয়ে যায় সড়ক। পণ্যবাহী বড় বড় ট্রাক চলাচলের কারণে সড়কের অবস্থা আরো করুণ হয়ে পড়ে। অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের লোড সইতে না পেরে সড়কটি দিন দিন দুর্বল হয়ে ভেঙ্গে যেতে থাকে। গত তিন বছরে এই সড়কের পিচ একেবারে উঠে গেছে।
নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, এ সড়ক প্রশস্ত ও নতুন করে সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা বরাদ্দ পেলেই সংস্কার করা হবে।
ইত্তেফাক/নূহু