মার্কোসের বিরুদ্ধে আন্দোলনের মতো রাজপথে নামলে সরকারের পতন হবে ----------- নজরুল ইসলাম

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের লড়াইয়ের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাকে মুক্ত করতে হবে। তিনি ভয়াবহভাবে অসুস্থ। তাকে  যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিত্সা করা না যায়, তবে তাকে আমরা হারাবো। আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই। আমি সে আন্দোলনের সামনের কাতারে থাকবো।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেলসহ সব কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব বলেন।

নজরুল ইসলাম বলেন, ফিলিপাইনের মার্কোসের দমননীতির বিরুদ্ধে জনগণ যখন রাজপথে ট্যাংকের সামনে শুয়ে পড়েছিল, তখনই মার্কোসের পতন হয়েছিল। ওই পরিমাণ সাহস কী আপনাদের আছে? মুখে আছে, যেদিন কাজে দেখাতে পারবেন, সেদিন এই সরকারের পতন হবে।

কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, আপনারা যারা অভিযোগ করেন, আমরাই সিদ্ধান্ত নিই। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত নেই। বেগম খালেদা জিয়ার পরামর্শ অনুযায়ী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে আমরাই সিদ্ধান্ত নেই। তবে মনে রাখবেন, একটা মানববন্ধনে ৫০ হাজার লোক পেলে বড় কর্মসূচি দেওয়ার সাহস পাই আমরা। গণঅনশনে এক লাখ লোক পেলে আরো বড় কর্মসূচি দেওয়ার সাহস পাই। কিন্তু  আপনারা কি প্রোগ্রামে আসেন? বিভিন্ন অনুষ্ঠানে ঝাঁঝালো বক্তব্য দেওয়া কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাতে যখন ভোট কাটা হলো, তখন তো কোথাও প্রতিরোধ গড়ে তোলেননি।

জিয়া আদর্শ একাডেমির সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।