স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে একজন অকৃত্রিম, মহান ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ হিসেবে থাকবেন। গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সফররত ভারতের সাবেক এ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রণব মুখার্জি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম ব্যক্তিত্ব। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত দুর্যোগে, প্রয়োজনে তিনি এগিয়ে এসেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সকল দুর্যোগে বাংলাদেশের প্রয়োজনে এগিয়ে এসেছেন। তিনি ভারতের প্রবাদ পুরুষ ব্যক্তিত্ব।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা আরজুমান বানু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান প্রমুখ।
এর আগে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত স্বাস্থ্য খাতের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন তিনি।
এসময় মোহম্মাদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতি বছর স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। স্বাস্থ্য খাতের বর্ধিত এই বরাদ্দের ক্ষেত্রে গ্রাম এবং শহর উভয়কে সমান নজরে আনা হচ্ছে। যার ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামো উন্নয়নে নজর দেওয়া হচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান।
ইত্তেফাক/আনিসুর