সার কিনে বাড়ি ফেরা হলো না কৃষ্ণপদ মিস্ত্রী (৫০) নামের এক কৃষকের। দ্রতগামী যাত্রীবাহী একটি বাস কেড়ে নিলো তার প্রাণ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্থানে।
নিহত কৃষ্ণপদ মিস্ত্রী উপজেলার বৈঠাহারা গ্রামের ধীরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় নসিমন চালক সহ দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ক্ষেতের ফসলে সার দেওয়ার জন্য গতকাল বুধবার বিকেলে কৃষ্ণপদ ও তপন মণ্ডল (৩৫) খর্নিয়া বাজার থেকে সার কিনে নসিমন যোগে বাড়ি ফিরছিলেন। খুলনা-সাতক্ষীরা সড়কে বরাতিয়া নামক স্থানে পৌঁছুলে পিছন দিক থেকে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমনটি রাস্তা থেকে ছিটকে পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় কৃষ্ণপদ, তপন মণ্ডল ও নসিমন চালক কিরন সরদার (৪৫) গুরুতর আহত হন।
সূত্রে আরও জানা যায়, আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কৃষ্ণপদ মিস্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়। খর্নিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই শেখ জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও নসিমনটিকে জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস