ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালী পূজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রম সংঘ সপ্তাহব্যাপী কবি গান শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক-শ্রোতা অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছে।
জানা গেছে, প্রায় একশ' বছর পূর্বে মহামানব শ্রীশ্রী গনেশ পাগল পৌষ মাসের শেষ মঙ্গলবার শ্রীশ্রী কালী পূজার মধ্যে দিয়ে কবি গানের আয়োজন করেছিলেন এবং নিজে ঈশান কোনের আসরে বসে কবিগান শ্রবণ করেছিলেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রম সংঘে প্রতি বছর ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী কবিগানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ১৫ দিনব্যাপী পৌষ মেলা বসে। কবি গানে বাংলাদেশ চারণ কবি সংঘের সহ-সাধারণ সম্পাদক কবি স্বপন সরকার, কবি তিমির সরকার, কবি সম্রাট সরকার, কবি অপূর্ব লাল সরকারসহ বেশ কয়েকজন কবিয়াল অংশগ্রহণ করছেন। এ উপলক্ষে প্রতিবছরই কদমবাড়ীতে বসছে পক্ষকাল ব্যাপী পৌষ মেলায় হারিয়ে যাওয়া যাত্রাগান, সার্কাস, পুতুল নাচসহ নানাবিধ বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের স্টল বসে। বিকিকিনিও ভাল হচ্ছে।
ইত্তেফাক/এসএস