চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দু’দিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে টানা আট বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছে এ এফ রহমান হল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
জানা যায়, টানা আট বারের মতো এবারো ছাত্রদের মধ্যে এ এফ রহমান হল ৬২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার নিকটতম আলাওল হল ৩১ পয়েন্ট পেয়ে রানার আপ অর্জন করে। অন্যদিকে ছাত্রীদের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ৪৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হল ৩৭পয়েন্ট পেয়ে রানার আপ হয়। ছাত্রদের মধ্যে রবিউল ইসলাম ১৫পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং ছাত্রীদের মধ্যে ১৮পয়েন্ট পেয়ে আফসানা জামান দিশা ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হলের মনোনীত ছাত্রদের ২২টি ইভেন্টে ১২৭ জন ছাত্র এবং ছাত্রীদের ১৬টি ইভেন্টে ৩৩ জন ছাত্রী অংশগ্রহণ করে।
ইত্তেফাক/এসএস