ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে অবরুদ্ধ ও প্রক্টর কার্যালয়ের সামনের ফটক ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে (নং ৩৮) বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, মামলার খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা রাত সোয়া ১১টার দিকে টিএসসি হতে বিক্ষোভ মিছিল বের করে। সেখানে তারা দাবি করে যৌন হয়রানির প্রতিবাদকারীদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে প্রতিহত করতে ছাত্রলীগ ডেকে আনে। ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে কিছু আন্দোলনরতদের মারধর এবং আন্দোলন ছাত্রীদের ঘিরে ধরে শ্লীলতাহানী করে। এই ঘটনার বিচার দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টরকে সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করাসহ তিনদফা দাবি দিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।
মামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ইত্তেফাককে বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু