মিরপুর পুলিশ লাইন ব্যারাক থেকে কনস্টেবলের লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুর পুলিশ লাইন থেকে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রকিবুল ইসলাম। গতকাল শুক্রবার সকালে নিজের বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে লাশ পাঠানো হয়।

কাফরুল থানা পুলিশ জানায়, রকিবুলের বাড়ি নরসিংদীর বেলাবতে। ২০১৫ সালে তিনি কনস্টেবল পদে যোগ দেন। রকিবুল ইসলাম মিরপুর পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন। গত বৃহস্পতিবার রাত ১২টার কিছু পরে তিনি দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে আসেন। এরপর তিনি খাওয়া-দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়েন। সকালে নির্দিষ্ট সময়ে তিনি ঘুম থেকে না উঠায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এক পর্যায়ে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তিনি বেঁচে নেই। হার্ট অ্যাটাক বা এ ধরনের কোনো অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে থানা পুলিশ জানিয়েছে।