সিরাজগঞ্জের বেলকুচিতে যুবলীগ নেতাকর্মী কর্তৃক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আটক করে শাস্তির দাবীতে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট চলছে।
সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির এ ধর্মঘট শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়। এতে অনেকটাই অচল হয়ে পড়েছে ৩০ কিলোমিটার জুড়ে জেলা শহরের সাথে সংযুক্ত প্রধান এই রাস্তা। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
জানা যায়, বেলকুচি পৌরসভা কার্যালয়ে হামলা, সরকারি কাজে বাধা ও মেয়রকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র আশানুর বিশ্বাসের দায়েরকৃত দ্রুত বিচার আইনে মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা এবং যুগ্ম আহ্বায়ক এস.এম.ওমর ফারুক সরকারকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে রেজা ও ফারুকের সমর্থকরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা ও বাস-ট্রাক ভাঙচুর করে। এসময় হেমা পরিবহন বাসে অগ্নি সংযোগ করা হয়।
এঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি সিরাজগঞ্জ-এনায়েতপুর রুটে বাস, মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করে গত বুধবার রাতে বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি জরুরি সভায় ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। যে পর্যন্ত দোষীদের শাস্তির আওতায় না আনা হবে সে পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী সভা পৌরসভায় সভা চলাকালীন সময়ে সভাকক্ষের দরজা লাথি মেরে জোরপূর্বক প্রবেশ করে। বিভিন্ন উন্নয়ন কাজ ও ইজারার ভাগবাটোয়ারাসহ কর্মচারী নিয়োগের বাণিজ্যের কথা উত্থাপন করে পিস্তল ধরে মেয়রের কাছে যুবলীগ নেতা রেজা ও সহযোগীরা ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মেয়রকে লাঞ্ছিত করে তারা। পরে গত ২৪ ডিসেম্বর দ্রুত বিচার আইনের ধারা সংযোজন করে মেয়র সিরাজগঞ্জ আমলী আদালতে অভিযোগ করেন। ঘটনার দিন রাতে বেলকুচি থানায় রেকর্ডকৃত চাঁদাবাজির মামলার সাথে দ্রুত বিচারের ধারা সংযোজন করে তদন্তভার বেলকুচি থানা পুলিশের পরিবর্তে ডিবি পুলিশে হস্তান্তরের নির্দেশ দেন বিচারক। দ্রুত বিচার আইনের ধারা সংযোজনের রেকর্ডকৃত মামলায় বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্ম আহবায়ক এস.এম.ওমর ফারুক সরকার ও জেলা ছাত্রলীগের সদ্য সাময়িক বহিষ্কৃত সহ-সভাপতি রিয়াদ হোসেনসহ অজ্ঞাত ১৫ জনকে আসামী করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস