বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরের বাসা থেকে মাজারে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ইয়াছিনের বিরুদ্ধে ১৯টি মামলা তদন্তাধীন। পল্লবী থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মো. ইয়াসিন আলীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের দমনে সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার কিংবা গ্রেফতারের পর মিথ্যা ও ভুয়া মামলা দায়েরের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে নির্মম জুলুম নির্যাতন।
ইত্তেফাক/ইউবি