নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ

মা ও ২ ভাইয়ের পর ফারিয়াও মারা গেল

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াও (৯) মারা গেছে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় দগ্ধ তার মা ও দুই ভাই চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গৃহকর্ত্রী ফাতেমা আক্তার এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১) গুরুতর দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করেন।

বার্ন ইউনিট সূত্র জানায়, শিশু ফারিয়ার শরীরের ৯৫ ভাগের বেশি অংশ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চিকিত্সার শুরু থেকেই সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। চিকিত্সকরা তাকে সারিয়ে তুলতে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তবে গতকাল বিকাল থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। একপর্যায়ে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।

এর আগে রবিবার রাতে সাফওয়ান, সোমবার সকালে ফাতেমা আক্তার ও বৃহস্পতিবার রাফির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পরিবারটির চার সদস্যেরই মৃত্যু হলো।