টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৫ সালের ২০ জানুয়ারি ভোর পাঁচটা ৪৫ মিনিটে সখীপুরের নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফেরাতে কোরআনখানি, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও মরহুমের ছেলে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের বাড়িতে গণভোজের আয়োজন করা হবে।
এদিকে সখীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও মরহুমের রূহের শান্তিতে নানা কর্মসূচির মধ্যে সকালে শোক মিছিল শেষে মিলাদ ও দোয়া, দুপুরে ডাকবাংলো চত্বরে গণভোজের আয়োজন করা হয়েছে। বিকেলে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে স্বরণসভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও তার প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। তিনি আওয়ামী লীগের হয়ে ১৯৮৬, ১৯৯৯ (উপ-নির্বাচন) ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়াও তিনি গত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। আর টাঙ্গাইলবাসী হারিয়েছে তাদের এক অকৃত্রিম সুহূদকে। এ অভাব সহজে পূরণ হবার নয়। শওকত মোমেন শাহজাহান ছাত্র অবস্থা থেকেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং চারবার তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং দেশ স্বাধীনে অবদান রাখেন। সখীপুর ও বাসাইল উপজেলায় উন্নয়নমূলক কর্মকান্ডসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে রয়েছে তার বিশেষ অবদান। একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিশিষ্ট কৃষিবিদ ও দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
ইত্তেফাক/এএম।