যৌতুকের দায়ে স্ত্রীর চুল কর্তন, স্বামী-শ্বশুর গ্রেফতার

 
বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় মাহমুদা বেগম (২২) নামের এক গৃহবধূর চুল কেটে দিয়েছে স্বামী। গত বুধবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় মাহমুদা বেগমের স্বামী উকিল উদ্দিন (২৫) ও শ্বশুর আশরাফ আলী (৪৮) কে গ্রেফতার করে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোছন গ্রামের ইয়াদুল ইসলামের মেয়ে মাহমুদাকে ছয় বছর আগে বিয়ে করেন বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের উকিল উদ্দিন। বিয়ের পরপরই উকিল উদ্দিন ও তার পরিবার মাহমুদার বাবার নিকট ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ধার-দেনা করে জামাইয়ের যৌতুকের দাবি মিটিয়ে দেন ইয়াদুল ইসলাম।
 
এরপর উকিল উদ্দিন আবারও মাহমুদার বাবার নিকট ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকার জন্য স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন উকিল উদ্দিন। কিন্তু যৌতুকের টাকা না নিয়ে স্বামীর বাড়িতে ফেরায় উকিল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করেন। মাহামুদা বেগম চিৎকার দিলে ক্ষুব্ধ হয়ে উকিল উদ্দিন কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন।
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস