সোনার বার ডাকাতির ঘটনায় মহেশপুর থানার ওসি ক্লোজড

 
ঝিনাইদহের মহেশপুরে সোনার বার ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে মহেশপুর থানার ওসি আহাম্মেদ কবিরকে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।
 
জানা গেছে, ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের পুরন্দপুর নামক স্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার উদ্ধার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। ঘটনাকে সামনে রেখে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। যার নং ১০। অনুসন্ধান চালিয়ে ঘটনার দিন সোনারতরি বাসে অভিযান চালানো হাইওয়েতে ডিউটিরত পুলিশ সদস্যদের সনাক্ত করা হয়। এরপর জেলা পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নামে।
 
অসমর্থিত সূত্র মতে, কোটচাঁদপুরের এক চোরাচালান সিন্ডিকেটের গডফাদারকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই মহেশপুর থানার এসআই নাজমুল হকসহ চার পুলিশকে ক্লোজ করা হয়। তবে সোনার বার উদ্ধার ও আত্মসাতের বিষয়টি পুলিশের পক্ষ থেকে গোপন রাখা হয়। বলা হয়, সোনা উদ্ধারের মতো কোনো ঘটনাই ঘটেনি। তবে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে ঐ মামলার বাদী এস.আই আনিসসহ আরো চারজনকে ক্লোজড করা হয়।
 
এ বিষয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ২০ জানুয়ারি সকালে আমাকে খুলনা রেঞ্জে যোগদানের কথা বলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।