ইত্তেফাক রিপোর্ট
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাকসুদ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগ জরুরি বৈঠক ডেকে মিটিং করে তাকে দল থেকে অব্যাহতি দেয়।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, নুসরাতকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যা মামলায় এজহারনামীয় আসামি হওয়ায় এবং সংগঠন বিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে নুসরাত হত্যা মামলার আসামি মাকসুদকে গত বৃহস্পতিবার রাতে পিবিআই ঢাকা মেট্রো উত্তর শাখার একটি দল অভিযান চালিয়ে ফকিরাপুল থেকে গ্রেফতার করে। পরে গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পিবিআই।