পূর্বধলায় বাজারে ডাকাতি, পাহারাদার খুন

 
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া বাজারে গতকাল শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল বাজারের পাহারাদার আবু মিয়াকে (৫৮) খুন করে ৫/৬টি দোকানের মালামাল ও নগদ টাকাসহ ৪/৫লাখ টাকা লুট করে নিয়ে যায়।
 
নিহত আবু মিয়া ওই এলাকার লাউয়ারী গ্রামের মৃত কাদির আকন্দের ছেলে। স্থানীয়রা জানায়, গত ৬মাস আগে উক্ত বাজারে ডাকাতি সংঘটিত হলে বাজার কমিটর লোকজন ডাকাত দলের সদস্য আবু মিয়াকে ওই বাজারের পাহারাদার হিসেবে নিয়োগ করেন।
 
জানা যায়, আজ শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা দোকান খুলেতে এসে দেখেন দোকানের তালা ভাঙা ও মালামাল নেই। এসময় পাহারাদারকে খুঁজতে গিয়ে বাজারের সাহাব উদ্দিন ও বারেকের সবজির দোকানের পেছনে কাদা-পানিযুক্ত একটি ক্ষেতে পাহারাদারের লাশ পড়ে থাকতে দেখে।
 
এসময় তার হাত-পা দড়ি দিয়ে ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে নেত্রকোনা সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের ভ্যারাইটি স্টোরের মালিক লিমন, কাপড় ব্যবসায়ী মতি মিয়া, মুকশেদুল, ঔষধের দোকানদার সাইদুল ও মুদি দোকানদার ইলিয়াস জানান, রাতে তারা কেউই বাজারে থাকেন না। শুক্রবার রাতে ডাকাত দল পাহারাদারকে খুন করে তাদের সবকিছু লুট করে নিয়েছে।
 
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব জানান, নিহত আবু মিয়া এক সময় ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে বাজারে দোকানের তালা ভেঙে কেউ চুরি করতে আসলে তাকে চিনে ফেলায় অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস