পাবনা শহরের ফায়ার সার্ভিসের সামনে বাস চাপায় বেলাল হোসেন (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলবর হোসেনের ছেলে। তিনি পাবনা সদর উপজেলার হিমায়েতপুর গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। বসবাস করতেন পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায়।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বেলাল হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণরাঘবপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছুলে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসএস