হামলা চালিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: ভূমিমন্ত্রী

 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ইসলামের কথা বলে যারা বোমা মারে, মানুষ মারে আর কাফির মারার নামে বদমায়েশি করে তাদের থেকে নিজেদের সতর্ক থাকতে হবে।
 
শনিবার শিবপুর ইউনিয়নের ত্বাহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইসলাম ধর্মে খুন, মানুষ পুড়িয়ে মারার কোন বিধান নাই। ইসলাম শান্তির ধর্ম। মসজিদে হামলা চালিয়ে মানুষ হত্যা করা ইসলাম কখনো সমর্থন করে না।
 
মন্ত্রী বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করেছি এবং তা অব্যাহত থাকবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সরকার সকলের নিরাপত্তা দিবে।
 
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন মমতা দিয়ে ঘেরা, মায়ের মতো। শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, বস্ত্র দিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি