মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রকল্পের কাজ যথাযথ এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করার জন্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে।
তিনি আরো বলেন, প্রকল্প সুবিধা কোনো ধরনের নারীরা প্রাপ্য সেটা স্থানীয় প্রতিনিধিরা ভালো বুঝবেন এবং প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে কিনা তা স্থানীয় প্রতিনিধিরা মূল্যায়ন করতে পারবেন।
আজ শনিবার বিকেলে কক্সবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মেহের আফরোজ চুমকি।
প্রতিমন্ত্রী প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে বলেন, নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নানামূখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আর এই কার্যক্রম বাস্তবায়নের তদারকি করছেন আপনারা। আপনারা সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন করবেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবেন। দায়িত্ব পালনে কোনো রকমের অবহেলা আমি সহ্য করবো না।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের আত্মনির্ভরশীল করার জন্যে নানামুখী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, মোবাইল সার্ভিসিং, মাশরুম চাষ, মৌমাছি চাষ, বিজনেজ ম্যানেজমেন্ট, মোমবাতি তৈরি, ব্লকবাটিক, হ্যান্ডলোম প্রভৃতি। প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত বাবদ ভাতা প্রদান করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে প্রশিক্ষণার্থীদের চাকরির ব্যবস্থা করছে। বাসস
ইত্তেফাক/কেকে