ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন, ফলাফল রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা করে রবিবার ফলাফল প্রকাশ করা হবে।
 
নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
 
এবারের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে তিনটি প্যানেল অংশ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’, বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী পরিষদ’থেকে ২৫ জনের প্যানেল দেয়া হয়েছে। অন্যদিকে বাম সমর্থিত ‘প্রগতি পরিষদের’১৫ জনের প্যানেল দিয়েছে।  নির্বাচনের কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ। এবার স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেলে মোট ৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য থেকে ২৫ জন সিনেট সদস্য বেছে নেবেন ৪৩ হাজার ৯৯৭ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।
 
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্র ভোট অনুষ্ঠিত হয়েছে। এর আগে ঢাকার বাইরের ২৮ কেন্দ্র ভোট হয় ৬, ১৩ ও ১৬ জানুয়ারি। রবিবার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।