দাগনভূঞায় স্বেচ্ছাসেবকলীগের নেতাকে ডেকে নিয়ে হত্যা

 
দাগনভূঞায় ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগের নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাতুভূঞা বাজার সংলগ্ন একটি জমি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ফকরুল আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
 
নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন বলেন, ৭ জানুয়ারি দাগনভূঞার সওদাগর বাড়ির সাইদুল হক পারভেজ আমার ভাই ফখরুলের মোটরসাইকেল চালাতে নিয়ে যান।
 
১২ জানুয়ারি পারভেজের কাছে মোটরসাইকেল ফেরত চাইলে তিনি ফখরুলকে মেরে জখম করেন এবং মোটরসাইকেলটি থানায় জমা দেন। এদিকে মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে বলে ফখরুলের বন্ধু হিরো ও বাহাদুর ১০ হাজার টাকা দাবী করেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা ফখরুলকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলেন। ফখরুল মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে বাড়ির দরজায় গেলে পারভেজ, হিরো ও বাহাদুরের নেতৃত্বে তাকে মাইক্রোবাসযোগে অন্যত্র নিয়ে যান। পরে গলাকেটে হত্যা করে মাতুভূঞা এলাকায় একটি জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
 
ওসি আবুল কালাম আজাদ জানান, এঘটনায় হিরো ও বাহাদুরকে আটক এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি