প্রতি উপজেলায় স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করা হবে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রতি উপজেলায় স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করা হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গরীব ও হতদরিদ্র মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এছাড়াও মুক্তিযোদ্ধদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে। শনিবার লালমনিরহাট থেকে ঢাকা ফেরার পথে রাত ৮টার দিকে মিঠাপুকুরে ৪ তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি সীমানাপ্রাচীর ও মাটি ভরাটের জন্য আরও বরাদ্দ প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রহমান, সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা প্রকৌশলী শাহ্ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন, ঠিকাদার মোঃ ইমাদ মিয়া প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা সদরে ৪ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা।

ইত্তেফাক/নূহু