খুলনায় ফাওমিদ তানভীর রাজিম (১২) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে খুলনা পাবলিক কলেজে নির্মম এ ঘটনা ঘটেছে।
রাজিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজিম নগরীর বয়রাস্থ পালপাড়ার শেখ জাহাঙ্গীর আলমের ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী-২০১৮ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন ছিল গতকাল শনিবার। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কয়েকজন দূর্বৃত্ত রাজিমের গলায় ছুরিকাঘাত করে। রাজিমের মৃতদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা জায়নি।
ইত্তেফাক/নূহু